খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
বিএনএন ডেস্ক

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে উত্তাল নওয়াপাড়া। বুধবার ভোর থেকে দেশের অন্যতম বড় এই ব্যবসাকেন্দ্রে ব্যবসায়ীরা সর্বাত্মক হরতাল পালন করছেন।
সকাল থেকেই নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। এতে করে ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ব্যবসায়ীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে, বাঁশ ফেলে এবং চেয়ার পেতে অবরোধ তৈরি করেছেন। স্থানীয় সাধারণ মানুষও তাদের এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। রাজঘাট এলাকা এবং নূরবাগসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অবরোধের কারণে যশোর-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ভৈরব নদের ঘাটে থাকা কয়েকশ কার্গো ও বার্জ থেকে পণ্য খালাস কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নওয়াপাড়ার পীরবাড়ি মাদ্রাসার কাছে আনিছুর রহমানের নিজস্ব মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। ঢাকা নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান স্থানীয় 'মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেড'-এর পরিচালক ছিলেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় ব্যবসা করে আসছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে গত বৃহস্পতিবার অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় শাহ মাহমুদ হোসেন ও নাসির উদ্দিনসহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
ঘটনার এক সপ্তাহ পার হলেও মামলার প্রধান আসামি শাহ মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করতে না পারায় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। সোমবার নওয়াপাড়া ব্যবসায়ী সমিতির এক জরুরি সভা থেকে এই হরতালের ডাক দেওয়া হয়।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন জানিয়েছেন, দ্রুত মূল আসামিকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। অন্যদিকে, অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




